0
অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
আইজিপি জানান, আসন্ন ঈদকে সামনে রেখে ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কিশোর গ্যাং ও মাদক পাচার দমনে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।
তিনি বলেন, 'আমি আমার ভাইদের, তরুণ প্রজন্মকে অনুরোধ করব, তারা যেন ভিড়ের সংস্কৃতি থেকে মুক্ত হন। বিশেষ করে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আলোচনার টেবিলে সমঝোতা ও আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে।'
আলী হোসেন ফকির আরও জানান, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে বিশেষ ব্লক অভিযানের মাধ্যমে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে।
পুলিশের ইউনিফর্ম পরিবর্তন নিয়ে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন। ব্রিফিং শেষে মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন আইজিপি।