3
স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সরকার প্রধান এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন যে স্বাস্থ্যমন্ত্রীকে ই-হেলথ কার্ড চালুর কার্যক্রম দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বৈঠকে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তুলতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় আনার বিষয়েও আলোচনা হয়।
রুমেন জানান, শুধু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দেন, সরকার ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিত্যক্ত সব ভবনকে ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তর করতে হবে।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।