1
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় টহলরত অবস্থায় ডিউটিতে থাকা এক বিজিবি সদস্য অসুস্থ হয়ে মারা গেছেন। নিহত বিজিবি সদস্যের নাম মোহাম্মদ আতিকুল ইসলাম (৪৯)। সে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের মৃত মুহাম্মদ ইমাম হোসেনের ছেলে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থানবন্দর সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেওয়ার অংশ হিসেবে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের হাতিপাগাড়া বিওপির সদস্য মোহাম্মদ আতিকুল ইসলাম ডিউটিতে যান। টহলরত অবস্থায় নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে ৫০০ মিটার পশ্চিমে পৌঁছালে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার নাক-মুখ থেকে রক্ত পড়তে থাকে। এ সময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে তাকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: হুমায়ুন আহমেদ নূর দুপুর ১২টার দিকে ইসিজি পরীক্ষা করার পর তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুজ্জামান বিজিবি, চিকিৎসক ও সুরতহাল রিপোর্টের বরাত দিয়ে বলেন, নিহত বিজিবি সদস্য মোহাম্মদ আতিকুল ইসলাম স্বাভাবিকভাবে মারা গেছেন। এরই মধ্যে তার মরদেহ ময়মনসিংহ সেক্টরে নিয়ে গেছে বিজিবি কর্তৃপক্ষ। সেখানে সব আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।