3
ভারতকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজক হিসেবে আগামী মাসে শুরু হচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী, বাংলাদেশের চারটি গ্রুপ পর্বের ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে। তবে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর ফের আলোচনায় এসেছে বাংলাদেশ-ভারত সম্পর্ক ও নিরাপত্তা পরিস্থিতি।
এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে বিসিবির বোর্ড সভায় উপস্থিত ১৭ পরিচালক সর্বসম্মতিক্রমে আইসিসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেন। বিসিবি সূত্রে জানা গেছে, চিঠিটি প্রাথমিকভাবে আইসিসির নিরাপত্তা ইউনিটে পাঠানো হবে।
চিঠিতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা ও আশ্বাস চাইবে বিসিবি।
প্রথমত, বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ দলের ক্রিকেটারদের সার্বিক নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হবে।
দ্বিতীয়ত, মুস্তাফিজুর রহমানকে জড়িয়ে সাম্প্রতিক ঘটনা কীভাবে ঘটল এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন উঠবে। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আইসিসির অবস্থানও জানতে চাইবে বিসিবি।
বিসিবির একজন শীর্ষ পরিচালক বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান বাস্তবতায় নিরাপত্তাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে সব পক্ষ থেকে সুস্পষ্ট আশ্বাস না পেলে ভবিষ্যতের সিদ্ধান্তে প্রভাব পড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, আইসিসির কাছে পাঠানো এই চিঠি শুধু মুস্তাফিজুর রহমান ইস্যুতেই সীমাবদ্ধ নয়; বরং ভারতের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের ক্রিকেট সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।