1
হাজারো মানুষের আত্মত্যাগে বাংলাদেশ আবারো গণতন্ত্রের পথে ফিরেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, শহীদদের পরিকল্পিত বাংলাদেশ গড়তে হলে জাতিকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হতে হবে এবং একটি স্বনির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে।
শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি পাট চাষ বাড়ানোর আহ্বান জানান এবং কৃষকদের উদ্দেশে বলেন, উন্নত প্রযুক্তি এবং উচ্চ ফলনশীল পদ্ধতি ব্যবহার করে পাট চাষে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। এতে জাতীয় অর্থনীতিতে পাট খাতের অবদান আরও বাড়বে।
তিনি বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক, উন্নতমানের ও ব্যবহারযোগ্য পাটপণ্য উদ্ভাবনে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি স্বল্পমূল্যের পাটের ব্যাগ উৎপাদন ও বাজারজাতকরণের উদ্যোগের ওপরও জোর দেন।
তরুণদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সৃজনশীল তরুণ প্রজন্ম স্টার্টআপ এবং উদ্ভাবনের মাধ্যমে 'মেড ইন বাংলাদেশ' ব্র্যান্ডকে আরও শক্তিশালী করতে পারে। তিনি বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনের সুযোগের কথাও উল্লেখ করেন।