1
টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বিষয়টি নিশ্চিত করে জানান, প্রবীণ এই রাজনীতিবিদ রাজধানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মেজর জেনারেল মাহমুদুল হাসানের মৃত্যুতে টাঙ্গাইলে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
শোকবার্তায় তিনি বলেন, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান সারাজীবন আদর্শ টাঙ্গাইল গড়তে অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি ছিলেন একজন সমাজসেবক, নিষ্ঠাবান ও দায়িত্বশীল ব্যক্তি। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে টাঙ্গাইল সদর একজন অভিভাবক হারালো।
সুলতান সালাহউদ্দিন টুকু মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার মাকরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ১৯৮৮ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি 1996 ও 2001 সালে বিএনপি থেকে নির্বাচিত হন এবং 2012 সালের উপনির্বাচনে পুনরায় সংসদ সদস্য হন।