3
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডঃ আব্দুল্লাহ জাফর এইচ বিন আবায়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক হয়। সৌদি রাষ্ট্রদূত তারেক রহমানকে সরকার গঠন ও প্রধানমন্ত্রী হওয়ার জন্য শুভেচ্ছা জানান। তিনি সৌদি যুবরাজের অভিনন্দন বার্তাও দিয়েছেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বিভিন্ন আর্থ-সামাজিক বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এর আগে সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তার অফিসিয়াল দায়িত্ব শুরু করতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছালে মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার তাকে স্বাগত জানান।
এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।