1
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে। ২৯৯টি সংসদীয় আসনের ৪২,৯৫৮টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।
ঐতিহাসিক এ নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। এই নির্বাচিত সরকারের শাসনের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণের প্রথম পর্যায় সম্পন্ন করবে। দেড় দশক পর দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। তাদের ভোট দিয়ে জনগণ আগামী পাঁচ বছরের জন্য দেশের নেতাদের বেছে নেবে, যার ফলে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। সংসদ নির্বাচন ছাড়াও আজ বৃহস্পতিবার নাগরিকদেরও রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোটে অংশগ্রহণের সুযোগ রয়েছে।