1
সাম্প্রতিক বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে জ্বালানি সংকট তীব্র হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ড.শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
শনিবার রাতে জামায়াতের আমির ড. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন।
তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে জ্বালানি সংকট তীব্র হয়েছে। আগামী দিনেও বৈশ্বিক পরিস্থিতি একই রকম থাকলে দেশের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়তে পারে।”
তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকে অবশ্যই বিকল্প জ্বালানির উৎস খুঁজে বের করতে হবে এবং জরুরি ভিত্তিতে বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে।
ড. শফিকুর রহমান আরও বলেন, বর্তমান সংকটের সুযোগ নিয়ে নতুন কোনো সিন্ডিকেট গঠন প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি এই চ্যালেঞ্জিং সময়ে দেশের যেকোনো স্থান থেকে জ্বালানি পাচার রোধে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।