1
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী সরকারি সফরে বগুড়া যাচ্ছেন। এ সফরে তিনি বহুল প্রত্যাশিত বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোঃ উজ্জল হোসেন স্বাক্ষরিত একটি অফিসিয়াল সফরসূচি থেকে এসব তথ্য জানা যায়।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২০ এপ্রিল সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বগুড়া জেলা পুলিশ লাইনস হেলিপ্যাডে পৌঁছাবেন। সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন।
এরপর সকাল ১১টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন।
পরে তিনি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে পারিবারিক কার্ড বিতরণ কার্যক্রম ও বাগবাড়ি নশিপুর চৌকিরদহ খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন।
দুপুরের পর তারেক রহমান শহীদ জিয়াউর রহমান পল্লী হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়িতে সময় কাটাবেন।
বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও বিরতির পর বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এই অঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।