2
সিভিল সার্ভিসকে রাষ্ট্রের মূল চালিকা শক্তি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাত থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণ থেকে সরে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবক হিসেবে রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় জনসেবা দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। এসব প্রত্যাশা পূরণের জন্য প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে হবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা এই সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত অংশের একজন। আপনাদেরকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে, শাসক হিসেবে নয়।”
তিনি আরও বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিক কর্মশালা বা উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণের জন্য কর্মসূচি গ্রহণের কোনো মানে নেই যদি সেগুলো সত্যিকার অর্থে জনগণের উপকার না করে।
দেশে কার্যকর নীতিনির্ধারণের জন্য পরিসংখ্যান ব্যবস্থার আমূল সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সালাহউদ্দিন বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে আদমশুমারি, কৃষি উৎপাদন এবং মাথাপিছু আয়ের মতো গুরুত্বপূর্ণ পরিসংখ্যানকে বিকৃত করা হয়েছিল। তাই তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরিত করার আহ্বান জানান।
অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের শ্রমশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক শিল্পের উন্নয়নের পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটাতে হবে।