0
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ঘোষণা করেছেন, খাল খনন কার্যক্রম উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেট সফর করবেন।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে মন্ত্রী এ তথ্য জানান।
বৈঠকে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানি বিশেষজ্ঞ আইনুন নিশাতসহ মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে পানিসম্পদমন্ত্রী সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচি ও বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
মন্ত্রী আসন্ন বন্যা পরিস্থিতি এবং দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, অল্প সময়ে সব সমস্যা সমাধান করা সম্ভব না হলেও জলাবদ্ধতা নিরসনে সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ওই দিন দুপুর ১২টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর তিনি তার কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।
বিকাল ৩টায় জাতীয় সংসদের চলতি অধিবেশনে সংসদ নেতা হিসেবে তারেক রহমানের যোগ দেওয়ার কথা ছিল।
বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে পানি নিষ্কাশন ও কৃষি কার্যক্রমের সুবিধার্থে দেশব্যাপী খাল খনন কার্যক্রম জোরদার করার পরিকল্পনা করেছে। প্রধানমন্ত্রীর যশোর ও সিলেট সফর এই উদ্যোগেরই অংশ।